
মনোলোক : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ‘অসংলগ্ন ও অসভ্য’ আচরণের অভিযোগে দুই তরুণীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে হাসপাতালের মেডিসিন ওয়ার্ড থেকে তাঁদের আটক করা হয়।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, ২৭ বছর বয়সী এক তরুণী ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি বিবাহিত এবং তাঁর একটি সন্তানও রয়েছে। তাঁর দেখাশোনার জন্য ২০ বছর বয়সী আরেক তরুণী সেখানে অবস্থান করছিলেন।
তদন্তে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে তাঁদের পরিচয় হয় এবং পরবর্তীতে তাঁদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। হাসপাতালে তাঁদের দুজনের আচরণ সন্দেহজনক মনে হলে কর্তব্যরত আনসার সদস্যরা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। পরে চিকিৎসাধীন তরুণীর মায়ের মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই তরুণী নিজেদের মধ্যে সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন। তবে পরিবারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ফৌজদারি অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। আদালত এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
Leave a Reply