
মনোলোক / বিনোদন ডেস্ক:
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে বাসায় ফেরার পথে ভয়াবহ ছিনতাইয়ের কবলে পড়েছেন আশির দশকের নন্দিত ও জনপ্রিয় চিত্রনায়িকা রঞ্জিতা কনা। গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর রামপুরা বাজার এলাকার একটি গলিতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্বৃত্তরা কানের দুল ছিনিয়ে নেওয়ার সময় তার কান টেনে ছিঁড়ে ফেলে। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তার কানে ৭টি সেলাই দিয়েছেন।
এক ভিডিও বার্তায় আতঙ্কিত ও কম্পিত কণ্ঠে অভিনেত্রী রঞ্জিতা জানান, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের উৎসবমুখর পরিবেশ দেখতে তিনি এফডিসিতে গিয়েছিলেন। দীর্ঘদিন পর সহকর্মীদের সঙ্গে আড্ডা শেষে রাতে রামপুরার বাসায় ফিরছিলেন। রামপুরা বাজার এলাকার একটি গলি দিয়ে যাওয়ার সময় তিনি বুঝতে পারেন কেউ একজন তাকে দূর থেকে অনুসরণ করছে। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ ছিনতাইকারী তার কানের দুল ধরে সজোরে টান দেয়।
ঘটনার আকস্মিকতায় চিৎকার করারও সময় পাননি এই অভিনেত্রী। তিনি বলেন:
“আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি। ছিনতাইকারী দুল টান দেওয়ায় আমার কানটা দুই ভাগ হয়ে ছিঁড়ে গেছে। মুহূর্তেই পুরো শরীর রক্তে ভিজে যায়।”
ঘটনার পর রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় রঞ্জিতা শিল্পী সমিতির বেশ কয়েকজন সদস্যের কাছে ফোন করে সাহায্য চান। প্রথমে অনেকে এগিয়ে না এলেও খবর পেয়ে অভিনেতা জয় চৌধুরী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে রামপুরার একটি হাসপাতালে ভর্তি করান।
চিকিৎসকরা জানিয়েছেন, কানের ক্ষত ছাড়াও অভিনেত্রীর ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ অনেক বেশি থাকায় তাকে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তাকে বাসায় নেওয়া হবে। এই ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক মামলা বা জিডি করা না হলেও পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা চলছে বলে জানা গেছে।
সোনালী অতীতের উজ্জ্বল নক্ষত্র রঞ্জিতা
আশির দশকের শেষভাগে নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘ঢাকা ৮৬’ সিনেমায় বাপ্পারাজের বিপরীতে নায়িকা হিসেবে ঢালিউডে আত্মপ্রকাশ করেন রঞ্জিতা। প্রথম সিনেমা দিয়েই তিনি জয় করে নেন দর্শকহৃদয়। পরবর্তীতে তিনি নায়করাজের পরিচালনায় ‘রাজা মিস্ত্রী’ ও ‘জ্বীনের বাদশা’র মতো বেশ কিছু জনপ্রিয় ও কালজয়ী চলচ্চিত্রে অভিনয় করেন।
দীর্ঘদিন ধরে রূপালী পর্দার আড়ালে থাকা এই প্রিয় অভিনেত্রীর এমন আকস্মিক ও নৃশংস দুর্ঘটনায় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করছেন ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং সহকর্মীরা।
Leave a Reply