
সোলাইমান হোসাইন, পাবনা | মনোলোক | ১৪ মে ২০২৬:
পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন রহস্যজনক গন্ধে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় বিদ্যালয়জুড়ে সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিস্থিতি।
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, টিফিন শেষে ৬ষ্ঠ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ পর হঠাৎ করেই শ্রেণিকক্ষের ভেতরে থাকা একটি প্লাস্টিকের ডোপ থেকে অস্বাভাবিক গন্ধ ছড়িয়ে পড়ে। প্রথমে দুইজন শিক্ষার্থী মাথা ঘোরা ও বমি বমি ভাব অনুভব করে অসুস্থ হয়ে পড়ে। এরপর একে একে আরও বহু শিক্ষার্থী একই ধরনের উপসর্গে আক্রান্ত হতে থাকে।
মুহূর্তের মধ্যেই পুরো বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কান্না, চিৎকার আর অসুস্থ শিক্ষার্থীদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। শুধু ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরাই নয়, পাশের ৭ম ও ৮ম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীও আতঙ্ক ও শারীরিক অসুস্থতায় আক্রান্ত হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, অধিকাংশ শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ হলেও কয়েকজন এখনো চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে দুজন শিক্ষার্থীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বাসনা রানী আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
“হঠাৎ করেই একে একে মেয়েরা অসুস্থ হয়ে পড়ে। কারও মাথা ঘুরছিল, কারও বমি বমি ভাব হচ্ছিল। আমরা কিছু বুঝে ওঠার আগেই পুরো ক্লাসরুমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত তাদের হাসপাতালে নিতে হয়েছে।”
তিনি আরও জানান, শ্রেণিকক্ষে একটি প্লাস্টিকের ডোপ পাওয়া গেছে। সেখান থেকেই কোনো রাসায়নিক গন্ধ ছড়িয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে এ ঘটনার পর পুরো এলাকায় উদ্বেগ ও শঙ্কা বিরাজ করছে। সন্তানদের এমন অবস্থায় হাসপাতালে দেখে অনেক অভিভাবক কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
ঘটনাটি এখন শুধুই একটি বিদ্যালয়ের দুর্ঘটনা নয়, বরং এটি হয়ে উঠেছে অসংখ্য অভিভাবকের উৎকণ্ঠা, শিশুদের আতঙ্ক এবং একটি জনপদের গভীর উদ্বেগের প্রতিচ্ছবি।
Leave a Reply