
মনোলোক ডেস্ক | ১৪ মে ২০২৬ : ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালাতে গিয়ে স্থানীয় সন্ত্রাসী ও ডাকাত চক্রের হামলার শিকার হয়েছেন র্যাবের তিন সদস্য। হামলার পর আহত র্যাব সদস্যদের কান ধরিয়ে “মায়ের দুধের কসম, আর অভিযানে আসবো না” — এমন কথা বলাতে বাধ্য করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, এলাকায় সক্রিয় একটি ডাকাত দলের অবস্থান ও তথ্য সংগ্রহে গেলে র্যাব সদস্যদের ঘিরে ফেলে একদল দুর্বৃত্ত। এ সময় তাদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। পরে আহত অবস্থায় তাদের কান ধরিয়ে অপমানজনকভাবে শপথ করানো হয়। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি র্যাব সদস্যদের উদ্দেশে বলতে থাকে,
“বল, মায়ের দুধের কসম আর আসবো না।”
এ সময় আতঙ্কিত র্যাব সদস্যদের একই কথা পুনরাবৃত্তি করতে শোনা যায়।
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এভাবে হেনস্তা করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
পরবর্তীতে র্যাব অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে বলে জানা গেছে। তবে হামলার মূল পরিকল্পনাকারী ও স্থানীয় ডাকাত চক্রের শীর্ষ নেতারা এখনো গ্রেপ্তার হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তাদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
র্যাবের একটি সূত্র জানায়, হামলার ঘটনায় আহত সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভিডিওতে থাকা ব্যক্তিদের শনাক্তে প্রযুক্তিগত সহায়তাও নেওয়া হচ্ছে।
এদিকে স্থানীয়দের একাংশ দাবি করেছেন, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত চক্র প্রভাব বিস্তার করে আসছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও ভয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না।
ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানা গেছে।
Leave a Reply