
মনোলোক ডেস্ক : ঢাকা, ২১ মে, ২০২৬ (বাসস) : রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষ করেই তিনি সরাসরি ঢাকার পল্লবী এলাকায় রামিসার বাসায় পৌঁছান।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, সেখানে গিয়ে প্রধানমন্ত্রী রামিসার বাবা-মা ও স্বজনদের বুকে টেনে নেন এবং গভীর সমবেদনা জানান। এই মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ডের খবর শুনে তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অপরাধী যেই হোক না কেন, দ্রুততম সময়ের মধ্যে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এই কঠিন সময়ে সরকার রামিসার পরিবারের পাশে থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।
ঘটনার প্রেক্ষাপট: গত মঙ্গলবার সকালে স্কুলছাত্রী রামিসা বাসা থেকে বের হলে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা তাকে নিজের কক্ষে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। পরে ঘরের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং বাথরুমের বালতি থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই অভিযুক্তের স্ত্রী স্বপ্না আক্তারকে স্থানীয়রা আটকে রাখলেও ঘাতক সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
প্রধানমন্ত্রী যখন রামিসার পরিবারকে সান্ত্বনা দিচ্ছিলেন, তখন সেখানে এক আবেগঘন ও হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
Leave a Reply