
মনোলোক ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের গাড়ি চলাচলের জন্য ট্রাফিক নিয়ম ভাঙার অভিযোগ সংক্রান্ত একটি খবরের তীব্র প্রতিবাদ জানিয়েছে ডিএমপি। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) এন এম নাসিরুদ্দিনের পাঠানো এক বিবৃতিতে প্রকাশিত সংবাদটিকে ‘বিভ্রান্তিকর, অসম্পূর্ণ এবং প্রকৃত পরিস্থিতির সঠিক প্রতিফলন নয়’ বলে দাবি করা হয়েছে।
সম্প্রতি মিন্টো রোডে ডিএমপি কমিশনারের গাড়ি পারাপারের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে, ‘সবার জন্য ট্রাফিক আইন সমান’ বলার পর ডিএমপি কমিশনার নিজেই উল্টো পথ ব্যবহার করে নিয়ম ভেঙেছেন। বর্তমানে সাধারণ যানবাহনকে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টার থেকে সদর দপ্তরের দিকে যেতে মগবাজার ফ্লাইওভারের নিচ দিয়ে ইউটার্ন নিতে হয়।
এই ঘটনার ব্যাখ্যায় ডিএমপির পক্ষ থেকে বলা হয়, “মিন্টো রোডের সিগন্যাল ওয়ান ওয়ে বা একমুখী করা—এই বক্তব্যটি সঠিক নয়। মিন্টো রোডে উভয় দিকেই গাড়ি চলাচল করে থাকে।”
বিবৃতিতে আরও স্পষ্ট করা হয় যে, প্লাস্টিকের অস্থায়ী কোণ বা ব্যারিকড স্থাপনের মাধ্যমে মিন্টো রোডের উত্তরমুখী গাড়িগুলো ইউটার্ন করে দক্ষিণমুখী করার জন্য একটি অস্থায়ী ইউটার্ন ব্যবস্থা কয়েক মাস আগে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এটি কোনো স্থায়ী স্থাপনা নয়। রাস্তার ট্রাফিক ব্যবস্থাপনা এবং যানবাহনের সংখ্যার ওপর ভিত্তি করে দিনে বহুবার এই অস্থায়ী পথটি খোলা বা বন্ধ করা হয়। এই পথে নিয়মিত যাতায়াতকারী সাধারণ মানুষ ও চালকরা বিষয়টি সম্পর্কে পুরোপুরি অবগত।
ডিএমপির দাবি, ট্রাফিক বিভাগের সুনির্দিষ্ট পরামর্শ ও নির্দেশনা অনুযায়ীই পুলিশ কমিশনারের গাড়ি সেখানে যাতায়াত করেছে। এখানে ট্রাফিক নিয়মের কোনো প্রকার ব্যত্যয় বা লঙ্ঘন ঘটেনি। তাই এই ঘটনাকে কেন্দ্র করে কমিশনারের নামে বিভ্রান্তিকর সংবাদ প্রচার না করার অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply