
মনোলোক ডেস্ক: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ৭ নম্বর ভাষানচর ইউনিয়নে আপন ভাই ও বোনের মধ্যে অনৈতিক সম্পর্কের জেরে বোন চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ার এক চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ভাই ও বোন বর্তমানে আত্মগোপনে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাষানচর ইউনিয়নের খলিশার উত্তরপাড়া (মাঝের পোল’র পূর্ব দিকে) হাওলাদার বাড়ীর বাসিন্দা শহিদ হাওলাদারের ছেলে রিপন এবং তার মেয়ের (ছদ্মনাম নীলা) মধ্যে দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মেয়েটি চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় মুসল্লিরা অভিযুক্ত রিপনের পিতা শহিদ হাওলাদারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এ সময় তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সমাজ ও এলাকার পক্ষ থেকে যে বিচার করবেন, আমি তা স্বাভাবিকভাবে মেনে নেব।”
এ বিষয়ে ভাষানচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাইয়ুম চারু জানান, “কিছু লোক আমার কাছে এই মর্মে অভিযোগ নিয়ে এসেছিলেন। এটি একটি আইনি বিষয়, তাই আমি তাঁদেরকে প্রচলিত আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষেই যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা তোফাল জানান, “মসজিদে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অভিযুক্তদের আগামী তিন দিনের মধ্যে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার চান।”
ঘটনার বিষয়ে জানতে চাইলে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, “এই বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে আমরা বিভিন্ন সামাজিক মাধ্যম ও লোকমুখে বিষয়টি অবগত হয়েছি। অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সংবাদ দাতা: মোঃ সাইদুল ইসলাম তানবীর, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা।
Leave a Reply