
শুক্রবার (৫ জুন) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে বুবলী এ সুখবর প্রকাশ করেন। পোস্টে অভিনেতা শাকিব খানকে ট্যাগ করে তিনি জানান, তাদের পরিবারে নতুন অতিথির আগমন ঘটেছে। খবরটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার জোয়ার বইছে। ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা নবজাতকের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন।
জানা গেছে, প্রায় দেড় মাস আগে যুক্তরাষ্ট্রে যান বুবলী। সেখানে নিউইয়র্কের একটি হাসপাতালে তিনি কন্যাসন্তানের জন্ম দেন। এ সময় তিনি গণমাধ্যম ও জনসমক্ষে খুব একটা উপস্থিত না হওয়ায় শোবিজ অঙ্গনে দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি নিয়ে তিনি এতদিন কোনো মন্তব্য করেননি।
ফেসবুক পোস্টে বুবলী লিখেছেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।”
উল্লেখ্য, শাকিব খান ও শবনম বুবলীর বিয়ের খবর এবং তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্মের বিষয়টি ২০২২ সালে প্রকাশ্যে আসে। এর আগে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে জন্ম নেয় তাদের প্রথম সন্তান। এবার দ্বিতীয় সন্তানের খবরও ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন এই তারকা দম্পতি।
নবজাতক শার্লিন খানের আগমনে শাকিব-বুবলী পরিবারের নতুন অধ্যায় শুরু হলো বলে মনে করছেন তাদের ভক্তরা।
— মনোলোক
Leave a Reply