তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামাটি) : রাঙ্গামাটির লংগদুতে সন্তানকে বাঁচিয়ে কাপ্তাই লেকে তলিয়ে যাওয়া বাবা ফালান মিয়ার (৩০) মরদেহ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ১৭ আগস্ট সকালে উপজেলার কালাপাকুজ্যা ও গুলশাখালী ইউনিয়নের মধ্যবর্তী ১৪ নম্বর বিলে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গুলশাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছোট মাহিল্যা গ্রামের বাসিন্দা ফালান মিয়া (পিতা: মোঃ শাহাবুদ্দীন) ছোট একটি বোটে সার নিয়ে ৮ বছরের ছেলেকে সাথে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হঠাৎ দমকা হাওয়ায় কাপ্তাই লেকে তীব্র ঢেউ সৃষ্টি হলে তাদের বোটটি উল্টে যায়।
নৌকাডুবির পর ফালান মিয়া পানিতে ভাসমান অবস্থায় সন্তানকে আঁকড়ে ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালান। পরবর্তীতে একটি বোট উদ্ধার করতে এগিয়ে এলে ফালান মিয়া নিজের প্রাণের পরোয়া না করে সন্তানকে নিরাপদে বোটে তুলে দেন। তবে তীব্র স্রোত ও ঢেউয়ের টানে তিনি নিজেই পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে লংগদু ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং দীর্ঘ ১৬ ঘণ্টা তল্লাশি চালিয়ে ফালান মিয়ার নিথর দেহ উদ্ধার করে। সন্তানের জীবন রক্ষায় নিজের জীবন বিলিয়ে দিয়ে অনন্য পিতৃত্বের এক হৃদয়বিদারক দৃষ্টান্ত রেখে গেলেন তিনি।
Leave a Reply