মনোলোক : উত্তরাঞ্চলে উচ্চশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং কর্মসংস্থানের নতুন সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ‘ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটি)’। বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) উদ্যোগে প্রতিষ্ঠিতব্য এই বিশ্ববিদ্যালয়টি সম্প্রতি সরকারি অনুমোদন লাভ করেছে। সোমবার (১৭ আগস্ট) ইএসডিওর এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।
“শিক্ষা থেকে দক্ষতা, দক্ষতা থেকে উদ্ভাবন, আর উদ্ভাবন থেকে কর্মসংস্থান”— এই দর্শনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়টি পরিচালনা করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, তথ্য বিশ্লেষণ, আধুনিক কৃষি ও পরিবেশ প্রযুক্তির মতো সময়োপযোগী বিষয়ের ওপর এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মো. শহীদ উজ জামান জানান, শিক্ষার্থীদের শুধু সনদের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রযুক্তিগত দক্ষতা, মানবিক মূল্যবোধ ও উদ্ভাবনী শক্তি দিয়ে দক্ষ মানবসম্পদে রূপান্তর করাই হবে ইউএসটির মূল লক্ষ্য।
স্থানীয় শিক্ষাবিদ ও সুশীল সমাজের মতে, প্রতিষ্ঠানটি চালু হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের রাজধানীমুখী প্রবণতা কমবে। পাশাপাশি শিল্পের সঙ্গে শিক্ষার সরাসরি সংযোগ ও স্টার্টআপ বিকাশের মাধ্যমে স্থানীয় আর্থসামাজিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply