
🤖 এআই-এর হাতেই কি তবে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ? কন্টেন্ট তৈরিতে সাহায্য করতে মেটা নিয়ে এলো ‘Creator Assistant’। তবে মেটার এআই সিস্টেমের সাম্প্রতিক এক হ্যাকিংয়ের ঘটনা ক্রিয়েটরদের নিরাপত্তার বিষয়টি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। বিস্তারিত জানতে পড়ুন আজকের বিশেষ প্রতিবেদন। 👇
মনোলোক : কন্টেন্ট ক্রিয়েটরদের কাজ আরও সহজ করতে ফেসবুক ড্যাশবোর্ডে’ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট’ ( Creator Assistant ) নামে একটি নতুন এআই (AI) টুল নিয়ে এসেছে মেটা। এটি মূলত ক্রিয়েটরদের জন্য একটি ‘ব্রেইনস্টর্মিং পার্টনার’ হিসেবে কাজ করবে। এর মাধ্যমে জটিল অ্যানালিটিক্স পেজ না ঘেঁটেই সরাসরি চ্যাটবটের মতো প্রশ্ন করে জেনে নেওয়া যাবে— কোনো নির্দিষ্ট রিল কেন বেশি ভিউ পেল, কিংবা দর্শকদের পছন্দের ধরনে কী ধরনের পরিবর্তন আসছে। পাশাপাশি ফেসবুকে বর্তমানে কী ট্রেন্ড চলছে, তার ওপর ভিত্তি করে এটি নতুন কন্টেন্টের আইডিয়াসহ অডিও সাজেস্ট করতে পারবে। বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা ও ভারতে চালু হওয়া এই টুলটি পর্যায়ক্রমে অন্যান্য দেশেও রোল-আউট করা হবে।
আপাতদৃষ্টিতে এই টুলটি অত্যন্ত লোভনীয় ও সময়সাশ্রয়ী মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে এক বড় নিরাপত্তাঝুঁকি। সঠিক বিশ্লেষণের জন্য এই এআই অ্যাসিস্ট্যান্টকে একজন ক্রিয়েটরের অ্যাকাউন্টের সম্পূর্ণ অ্যাক্সেস দিতে হবে।
উদ্বেগের বিষয় হলো, সম্প্রতি মেটার নিজস্ব এআই সাপোর্ট অ্যাসিস্ট্যান্টের একটি মারাত্মক নিরাপত্তা ত্রুটি (Exploit) ব্যবহার করে হ্যাকাররা অত্যন্ত সহজে হাই-প্রোফাইল সব অ্যাকাউন্ট হ্যাক করতে সক্ষম হয়েছে। হ্যাকাররা ভিপিএন ব্যবহার করে লোকেশন স্পুফ করে এবং চ্যাটবটটিকে কেবল একটি নতুন ইমেল অ্যাড্রেস লিঙ্ক করতে বলে পাসওয়ার্ড রিসেট কোড হাতিয়ে নেয়। এই ফাঁদে পড়ে ওবামা আমলের হোয়াইট হাউস পেজ, কসমেটিকস জায়ান্ট সেফোরা এবং মার্কিন স্পেস ফোর্সের শীর্ষ কর্মকর্তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মতো অত্যন্ত সুরক্ষিত পেজগুলোও হ্যাকিংয়ের শিকার হয়েছে।
মনোলোক দৃষ্টিভঙ্গি: কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI আমাদের দৈনন্দিন কাজকে সহজ করে তুলছে সত্যি, কিন্তু একটি থার্ড-পার্টি সিস্টেমের হাতে আপনার পুরো ডিজিটাল অস্তিত্বের চাবিকাঠি সঁপে দেওয়ার আগে ভাবা জরুরি। প্রযুক্তির এই অগ্রযাত্রায় মেটার মতো টেক জায়ান্টরা আপনার ডেটা ও অ্যাকাউন্টের নিরাপত্তা কতটুকু নিশ্চিত করতে পারছে, সেই প্রশ্নটি কিন্তু থেকেই যায়!
Leave a Reply