
মনোলোক ডেস্ক: দীর্ঘদিন ধরে নানা মরণব্যাধিতে আক্রান্ত হয়ে গৃহবন্দি জীবন কাটাচ্ছেন বাংলাদেশের প্রবীণ ও জনপ্রিয় অভিনেতা কাজী উজ্জ্বল। বর্তমানে শারীরিক অবস্থা এতটাই নাজুক যে, কথা বলতে গেলেও তাকে তীব্র শ্বাসকষ্টে ভুগতে হচ্ছে। তবে এই চরম অসুস্থতা ও জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়েও তিনি এমন এক অনন্য ও মানবিক আবেদন জানিয়েছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বস্তরের নেটিজেনদের প্রশংসায় ভাসাচ্ছে।
সম্প্রতি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে একটি আবেগঘন ভিডিও বার্তা দিয়েছেন এই গুণী শিল্পী। সাধারণত এমন পরিস্থিতিতে শিল্পীরা নিজেদের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য বা অনুদান চেয়ে থাকেন, কিন্তু কাজী উজ্জ্বল সেখানে সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি নিজের জন্য কোনো টাকা-পয়সা বা আর্থিক সাহায্য না চেয়ে, দেশের মানুষ ও প্রকৃতির কল্যাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে ১০০টি গাছ চেয়েছেন!
ভিডিও বার্তায় কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা
ভিডিয়োতে সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের সঙ্গে ঐতিহাসিক ‘খাল কাটা কর্মসূচি’-র স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে ও কান্নায় ভেঙে পড়েন কাজী উজ্জ্বল। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী, আমি কোনো শিল্পী হিসেবে আপনাকে কিছু বলছি না। এটা আমার দাবি। আপনার বাবার সঙ্গে ‘৭৯-তে আমি খাল কেটেছি। তখন আমি স্কুলের ছাত্র… মৃত্যুর পূর্বে আমি কোনো সাহায্য চাই না। আমার মনে একটাই আশা, আমাকে ১০০টি হাইব্রিড জাতের নারিকেল গাছের ব্যবস্থা করে দেবেন। জনগণের জন্য। মরার আগে আমি ১০০টি গাছ লাগাতে চাই। পৃথিবীর কাছে ঋণ শোধ করবো।”
কাজী উজ্জ্বলের বর্ণাঠ্য ক্যারিয়ার: মাঝি থেকে রূপালী পর্দার জনপ্রিয় বাবা
চতুর্থ শ্রেণিতে পড়ার সময় সুকুমার রায়ের ‘ষোল আনাই মিছে’ কবিতায় মাঝির চরিত্রে অভিনয়ের মাধ্যমে কাজী উজ্জ্বলের অভিনয়ের হাতেখড়ি। আশির দশকের শুরুতে যশোর থেকে ঢাকায় আসেন তিনি। এরপর ১৯৮৪ সালে মামুনুর রশীদের হাত ধরে এবং সালাহউদ্দিন লাভলুর সুবাদে ‘আরণ্যক’ নাট্যদলে যোগ দেন। আব্দুল্লাহিল মাহমুদের ‘ননকার পালা’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে শুরু হয় তার পেশাদার মঞ্চযাত্রা। পরবর্তীতে ২০০৭ সালে তিনি ‘নাট্যধারা’-য় যোগ দেন।
নব্বইয়ের দশকের শুরুতে বিটিভির ‘সুপ্রভাত ঢাকা’ নাটকের মাধ্যমে প্রথম টেলিভিশন দর্শকদের নজরে আসেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে সাধারণত হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করা কাজী উজ্জ্বল প্রায় ৫০০ থেকে ৬০০টি টিভি নাটকে কাজ করেছেন। দেশের প্রায় সব শীর্ষ নায়কের বাবার চরিত্রে অভিনয় করে তিনি পেয়েছেন ব্যাপক পরিচিতি।
ছোট পর্দার পাশাপাশি বিজ্ঞাপনেও সমান জনপ্রিয় ছিলেন তিনি। বিশেষ করে বাংলালিংকের ‘আলাল-দুলাল’ বিজ্ঞাপনে অভিনয় করে দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন। তিনি প্রায় ২৬টি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এছাড়া বড় পর্দায় প্রয়াত আবদুল্লাহ আল মামুন পরিচালিত ‘দরিয়া পাড়ের দৌলতী’ চলচ্চিত্রের মাধ্যমে পা রেখে প্রায় ১৫টি সিনেমাতেও অভিনয় করেছেন এই গুণী মানুষটি।
মনোলোক মন্তব্য: নিজের চিকিৎসার জন্য রাষ্ট্রের কাছে হাত না পেতে, মৃত্যুর আগে পৃথিবীর ঋণ শোধ করার জন্য জনগণের কল্যাণে গাছ চাওয়ার এই নিঃস্বার্থ মহৎ উদ্যোগ বর্তমান সময়ে সত্যিই বিরল। কাজী উজ্জ্বলের এই অনন্য ইচ্ছা ও প্রকৃতির প্রতি ভালোবাসা আমাদের সমাজের জন্য এক বিশাল অনুপ্রেরণা। গুণী এই অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছে ‘মনোলোক’ পরিবার।