
মনোলোক স্পোর্টস ডেস্ক: আগামী ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। এই জয়ে বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে নিজেদের আত্মবিশ্বাস অনেকটাই ঝালিয়ে নিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরুতেই অবশ্য একটি বড় ধাক্কা খেতে পারত লা আলবিসেলেস্তেরা, যখন ম্যাচের একদম শুরুর দিকেই আইসল্যান্ডের ফরোয়ার্ড এলার্টসন একদম ফাঁকায় বল পেয়েও গোলবারের ওপর দিয়ে বল মারেন। তবে এই ভুলের মাশুল আইসল্যান্ডকে দিতে হয় ম্যাচের ৮ম মিনিটেই। বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত শটে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করে দলকে এগিয়ে দেন ভালেনতিন বারকো। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে বদলি হিসেবে নেমে গোল করার পর এক সাংবাদিকের ক্যামেরায় বন্দি লিওনেল মেসি
ম্যাচের দ্বিতীয়ার্ধে আসে সবচেয়ে বড় আকর্ষণ। ম্যাচের ৬৮তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। মাঠে নামার সাথে সাথেই এক জাদুকরী মুহূর্ত তৈরি করেন তিনি। তার দেওয়া নিখুঁত পাস থেকে বল পেয়ে লাউতারো মার্তিনেস বক্সের ভেতরে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। আর সেই পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথায় গোল করে ব্যবধান ২-০ করেন অধিনায়ক লিওনেল মেসি।
ম্যাচের শেষ দিকে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন থিয়াগো আলমাদা। মেসি ও দে পলের দারুণ এক পাসিং কম্বিনেশন থেকে বল পেয়ে সহজেই আইসল্যান্ডের জাল কাঁপান আতলেতিকো মাদ্রিদের এই তারকা, যার ফলে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির শিষ্যরা।
বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে দলের এমন পারফরম্যান্স এবং মেসির ফর্মে থাকা নিশ্চিতভাবেই স্বস্তি দেবে আর্জেন্টাইন সমর্থকদের। ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ নিজেদের ঘরে তোলার লক্ষ্য নিয়েই মাঠে নামবে আলবিসেলেস্তেরা।
Leave a Reply