
মনোলোক ডেস্ক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত এক বাসকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকালে উপজেলার তারাপুর ইউনিয়নের ইমামগঞ্জ ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে রাখা একটি বাসের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম রুবেল মিয়া (৩০)। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সোনারপাড়া এলাকার মৃত মোন্নাফ সোনারের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে রিজার্ভে আসা একটি বাসে স্টাফ (কর্মী) হিসেবে কাজ করছিলেন রুবেল। রোববার গভীর রাতে তারাপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে যাওয়ার সময় অজ্ঞাত একটি যানবাহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরবর্তীতে সহকর্মীরা তাকে শনাক্ত করে মরদেহটি ইমামগঞ্জ ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে রাখা বাসের ভেতরে নিয়ে কাপড় দিয়ে ঢেকে রাখেন।
সকালে বাসের ভেতরে মরদেহ থাকার খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় মানুষের ব্যাপক ভিড় জমে যায়।
খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
“সড়ক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। হাসপাতালের প্রয়োজনীয় আইনি ও চিকিৎসাগত কার্যক্রম শেষে সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হবে। এরপর আইনি প্রক্রিয়া মেনে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
তিনি আরও জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ এবং চাপা দেওয়া অজ্ঞাত গাড়িটি শনাক্ত করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
সংবাদ : মোঃ মহিবুল্লাহ মেহেদী / সুন্দরগঞ্জ উপজেলা ,গাইবান্ধা
Leave a Reply