
মনোলোক, মান্দা (নওগাঁ) : নওগাঁর মান্দায় বসতবাড়ি কেনার জেরে দাবীকৃত চাঁদা না পেয়ে সারওয়ার জাহান উজ্জল (৪৫) নামে এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আজ রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কির্তলী গ্রামে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আহত উজ্জল কির্তলী গ্রামের কছিম উদ্দিন প্রামাণিকের ছেলে।
ঘটনার বিবরণ:
“আহত উজ্জলের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে কির্তলী গ্রামের প্রসাদ কুমার ও তাপস কুমারের কাছ থেকে একটি বসতবাড়ি কেনেন উজ্জল। এরপর থেকেই স্থানীয় কালীগ্রামের রাজু আহমেদ (৫০) ও তার সহযোগীরা উজ্জলের কাছে এক লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল। এই চাঁদার দাবীতে রাজুর নেতৃত্বে একদল সন্ত্রাসী ঈদের আগের দিন বিকেলেও তাদের বাড়ি ঘেরাও করে রাখে। পরবর্তীতে স্থানীয়দের বাধার মুখে তারা পিছু হটে।
আজ রোববার দুপুর ১২টার দিকে রাজু আহমেদ ও শহিদুল ইসলামের নেতৃত্বে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল কালীগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রের পেছনে উজ্জলকে একা পেয়ে ঘিরে ধরে। এসময় তারা হাতুড়ি দিয়ে পিটিয়ে তার মাথা থতলে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে।
নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারীরা উজ্জলকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
পরিবার ও পুলিশের বক্তব্য:
আহতের স্ত্রী সাথী আক্তার বলেন, “বাড়ি কেনার পর থেকেই রাজু ও তার সাঙ্গ-পাঙ্গরা আমাদের ওপর চাপ সৃষ্টি করছিল। আজ তারা আমার স্বামীকে প্রায় মেরেই ফেলেছিল। আমরা এই ঘটনার বিচার চাই।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা জানান, ঘটনাটি এখনো তার জানা নেই। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply