মনোলোক | রায়গঞ্জ (সিরাজগঞ্জ) ও ত্রিশাল (ময়মনসিংহ):
সারা দেশের মতো সিরাজগঞ্জের রায়গঞ্জ ও ময়মনসিংহের ত্রিশাল উপজেলাতেও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। তবে প্রথম দিনেই উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর অনুপস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে সংশ্লিষ্ট মহলে।
রায়গঞ্জ উপজেলায় ১২টি কেন্দ্রে অনুষ্ঠিত বাংলা ১ম পত্র পরীক্ষায় মোট ৪৯৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৭ জন অনুপস্থিত ছিল। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সাধারণ শাখার ৭টি কেন্দ্রে ৩৫১৯ জন, কারিগরি শাখার ৩টি কেন্দ্রে ৪৩৫ জন এবং মাদ্রাসা শাখার ২টি কেন্দ্রে ১০০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
অন্যদিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মোট ৪৮১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭২৩ জন পরীক্ষায় অংশ নেয় এবং অনুপস্থিত থাকে ৮৭ জন। উপজেলায় ১১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও কোথাও কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।
ত্রিশালে সাধারণ শাখায় ৩৫৫৬ জনের মধ্যে ৩৫২১ জন উপস্থিত ছিল, অনুপস্থিত ৩৫ জন। ভোকেশনাল শাখায় ৪৯৩ জনের মধ্যে ৪৮২ জন অংশ নেয়, অনুপস্থিত ১১ জন। দাখিল পরীক্ষায় ৭৬৮ জনের মধ্যে ৭২০ জন অংশগ্রহণ করে, অনুপস্থিত ৪৮ জন।
প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সিসিটিভি নজরদারি, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকায় পরীক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী জানান, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নিয়মিত তদারকি করা হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম বলেন, “প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে অনুপস্থিতির বিষয়টি নজরে রাখা হচ্ছে।”
সার্বিকভাবে পরীক্ষা শান্তিপূর্ণভাবে শুরু হলেও প্রথম দিনেই অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা শিক্ষাবিদ ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
Leave a Reply