
মনোলোক ডেস্ক | ঢাকা | ২৫ এপ্রিল ২০২৬ :
বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিদ্যমান অর্থায়ন ঘাটতি মোকাবিলা এবং একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ইকোসক ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট ফোরাম ২০২৬-এর সাধারণ বিতর্কে এ আহ্বান জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী।
তিনি বলেন, বর্তমান বিশ্বে ভূ-রাজনৈতিক সংঘাত, উন্নয়ন সহায়তা হ্রাস, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, বাণিজ্য প্রতিবন্ধকতা এবং জ্বালানি খাতের অনিশ্চয়তা উন্নয়নশীল দেশগুলোর নীতিনির্ধারণী সক্ষমতাকে ক্রমাগত সংকুচিত করছে।
এই প্রেক্ষাপটে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়াকে টেকসই ও মসৃণ করতে প্রস্তুতিকাল বৃদ্ধি করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ।
সালাহউদ্দিন নোমান চৌধুরী দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতিও তুলে ধরেন। তিনি জানান, বর্তমান সরকার সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, ব্যবসায়িক আস্থা পুনর্গঠন, ব্যাংকিং খাতকে শক্তিশালী করা, বিনিয়োগ বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সরাসরি সহায়তা সম্প্রসারণে অগ্রাধিকার দিচ্ছে।
তিনি আরও বলেন, ঋণের ব্যয় হ্রাস, অকার্যকর অবকাঠামো-সম্পর্কিত ঋণ এড়িয়ে চলা এবং প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে উৎপাদনশীল ও কর্মসংস্থানমুখী খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ানো এখন সময়ের দাবি।
এছাড়া, একটি অধিক প্রতিনিধিত্বশীল বৈশ্বিক আর্থিক কাঠামো গড়ে তোলা, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণ এবং পাচার হওয়া সম্পদ যথাযথ মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সূত্র : বাসস
Leave a Reply