
মনোলোক প্রতিবেদক | ঢাকা | ২৭ এপ্রিল ২০২৬
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের আটটি বিমানবন্দরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।
তিনি জানান, পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো একটি সতর্কবার্তার পর দেশের সব চালু বিমানবন্দরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বিমানবন্দরগুলো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হওয়ায় সব সময়ই কঠোর নিরাপত্তাব্যবস্থার আওতায় থাকে। তবে নতুন সতর্কতার পর অতিরিক্ত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশে বর্তমানে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে—ঢাকা, চট্টগ্রাম ও সিলেট। এছাড়া পাঁচটি অভ্যন্তরীণ বিমানবন্দরসহ মোট আটটি বিমানবন্দর চালু রয়েছে। এসব স্থাপনায় বেবিচকের নিজস্ব এভিয়েশন সিকিউরিটি (এভসেক), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সতর্কবার্তায় বলা হয়, নিষিদ্ধঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার চেষ্টা করতে পারে। এরপরই সারাদেশে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়।
মনোলোক আপডেট: পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply