

ঝিনাইদহের শৈলকুপায় বড় মেয়ের জন্য পছন্দ করা পাত্রের সঙ্গে পালালেন তিন সন্তানের জননী, এলাকায় চাঞ্চল্য
মনোলোক | ঝিনাইদহ | আপডেট:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় চাঞ্চল্যকর এক ঘটনায় নিজের বড় মেয়ের জন্য পছন্দ করা হবু জামাইয়ের হাত ধরে পালিয়ে গেছেন তিন সন্তানের জননী এক নারী। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার চর-ত্রিবেণী গ্রামে। অভিযুক্ত নারীর নাম রিমি খাতুন (৩৫)। তিনি দুই নাবালক সন্তানকে সঙ্গে নিয়ে ঘর ছাড়েন বলে জানিয়েছে পরিবার।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রিমি খাতুনের সঙ্গে শৈলকুপার চর-ত্রিবেণী গ্রামের গাড়িচালক রাশেদ আলীর বিয়ে হয়। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। জীবিকার তাগিদে স্বামী প্রায়ই বাড়ির বাইরে থাকতেন।
অভিযোগ রয়েছে, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে পার্বতীপুর গ্রামের মামুন হোসেন (২৪) নামে এক যুবকের সঙ্গে রিমির পরিচয় হয়। মামুন নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিলে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।
পরবর্তীতে রিমি নিজের বড় মেয়ের বিয়ের জন্য ওই যুবককে পছন্দ করেন। তবে মা ও হবু জামাইয়ের অতিরিক্ত ঘনিষ্ঠতা দেখে মেয়ে আপত্তি জানায়। এ নিয়ে পরিবারে অশান্তি তৈরি হয়।
পরিবারের দাবি, মানসিক চাপে বড় মেয়ে আত্মহননের পথ বেছে নেয়। তার মৃত্যুর পরও সম্পর্ক বন্ধ হয়নি বলে অভিযোগ রয়েছে।
স্বামী রাশেদ আলী জানান, বিষয়টি বুঝতে পেরে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে তিনি বাড়িতে না থাকার সুযোগে স্ত্রী দুই সন্তানকে নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি মো. হুমায়ন কবির মোল্লা জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। শিশু সন্তানদের উদ্ধারে অভিযান চলছে।
মনোলোক | সত্যের সন্ধানে সবসময়
Leave a Reply