
মনোলোক : চুনারুঘাট (হবিগঞ্জ) , ২৩ মার্চ, ২০২৬: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে আইনগত প্রক্রিয়া শেষে দুই ভারতীয় নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও খোয়াই থানা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকাল ১১টায় বাল্লা সীমান্তের ১৯৬৬/এস-১ পিলারের সামনে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
হস্তান্তরকৃত দুই ভারতীয় নাগরিক হলেন পশ্চিম ত্রিপুরা জেলার শ্রী অমুল্য বিশ্বাসের ছেলে শ্রী অজিৎ বিশ্বাস ও একই এলাকার পিয়ারী দাশের ছেলে শ্রী সমীর দাশ।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, গত ১০ ডিসেম্বর ২০২৫ সালে মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ওই দুই ব্যক্তিকে আটক করে বিজিবি। পরে তাদের হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক উভয়ের ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তাদের সাজাভোগের মেয়াদ শেষ হলেও কূটনৈতিক জটিলতার কারণে দীর্ঘ ১৬ মাস বাংলাদেশের কারাগারে বন্দী ছিলেন তারা। পরবর্তীতে দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে আলোচনা ও আইনি প্রক্রিয়া সম্পন্নের পর আজ তাদের হস্তান্তর করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বাল্লা বিজিবির নায়েক সুবেদার আবুল কালাম এবং চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সজল কুমার পাল। অন্যদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক (মোহনপুর) ধৃতি শেখর রায়, ভারতীয় পুলিশ সার্ভিসের (আইপিএস) কর্মকর্তা ডি কুডিয়াওসো, বিএসএফ কোম্পানি কমান্ডার অশোক কুমার এবং খোয়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.ডি সরকার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আইনি জটিলতার কারণে বিলম্বিত হলেও, অবশেষে ভারতীয় নাগরিকদের তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার পথ সুগম হওয়ায় দুই দেশের সীমান্ত প্রশাসন ও স্থানীয় লোকজনের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
Leave a Reply