মনোলোক : দায়িত্ব পালনে অবহেলা, বিশৃঙ্খলা সৃষ্টি এবং ফ্যাসিবাদীদের সহায়তা করলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এছাড়া রাষ্ট্রদ্রোহের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও আইনানুগ পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ‘পুলিশ সপ্তাহ, ২০২৬’-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সাহসিকতা, বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে ৯২ জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশবাসী জনবান্ধব পুলিশ দেখতে চায়। ফ্যাসিবাদী শক্তিকে কোনো পুলিশ কর্মকর্তা গোপনে সহযোগিতা করছে বলে তথ্য রয়েছে এবং জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে পরিণতি ভালো হবে না বলে তিনি সতর্ক করেন। তিনি আরও জানান, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠিত বর্তমান সরকার রাষ্ট্র ও জনগণের শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। অনুষ্ঠান থেকে ২০২৫ সালের জন্য বিপিএম পুরস্কার গ্রহণ করেন আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা।
Leave a Reply