মনোলোক : মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় একটি পরিত্যক্ত ফ্যাক্টরির গোডাউনে ১৩টি ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতের ঘটনায় নয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনকে এক বছর এবং অপর আটজনকে ছয় মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।
ফুড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির গোডাউনে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকার মিজানুর রহমান (এক বছরের কারাদণ্ড প্রাপ্ত); ঢাকার বাড্ডা এলাকার ইমন হাসান, তুহিন ও মাসুদ; গাজীপুরের তেলিপাড়া এলাকার রুবেল ও দিঘিরচালা এলাকার ইব্রাহিম খলিল; জামালপুরের তুলসীপুর এলাকার সোহেল রানা; টাঙ্গাইলের ধনবাড়ী এলাকার হুমায়ুন কবির এবং ঢাকার বড় বেরাত এলাকার মারুফ।
প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে গোডাউনটি থেকে ঘোটকের মাংস প্রক্রিয়াজাতকরণ অবস্থায় ৯ জনকে আটক করে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ১৩টি জবাই করা ঘোড়ার মাংস।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, উদ্ধারকৃত মাংস গরু ও মহিষের মাংস হিসেবে ঢাকার বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় সরবরাহের পরিকল্পনা ছিল। সিংগাইর উপজেলার ‘হিরু’ নামে এক ব্যক্তির চুক্তিতে তারা এ কাজ করছিল বলে আসামিরা স্বীকার করেছেন।
পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে এই সাজা প্রদান করা হয়েছে বলে জানান সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনির হোসেন।
সংবাদ : মো নাহিদুর রহমান শামীম, মানিকগঞ্জ
Leave a Reply