মনোলোক প্রতিবেদন
মাহবুব হোসেন মেজর হাকিমপুর, দিনাজপুর | ৯ মে ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে জয়পুরহাট-২০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। সীমান্তজুড়ে টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি চেকপোস্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট-২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী। তিনি জানান, হিলি সীমান্ত ও পাঁচবিবি চেকপোস্ট এলাকায় ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। ব্যাটালিয়ন সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকা থেকে কেউ যাতে গণপরিবহন ব্যবহার করে অবৈধভাবে যাতায়াত করতে না পারে, সেজন্য যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহভাজন নারী যাত্রীদের তল্লাশির জন্য নারী বিজিবি সদস্যও মোতায়েন রয়েছে।
তল্লাশি কার্যক্রম আরও জোরদার করতে বিজিবির কে-৯ ইউনিটের ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে। এসব প্রশিক্ষিত কুকুর মাদক, অস্ত্র ও অপরাধ সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে বিশেষভাবে দক্ষ বলে জানান তিনি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী দেশের পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে সীমান্ত এলাকায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়।
ছবিতে দেখা যায়, হিলি সীমান্ত এলাকায় রেললাইনের পাশ দিয়ে সশস্ত্র টহলে রয়েছেন বিজিবি সদস্যরা। সীমান্তে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নিয়মিত এমন টহল পরিচালনা করা হচ্ছে।
Leave a Reply