
মনোলোক ডেস্ক প্রকাশিত: ১৬ মে, ২০২৬ : ঢাকা: পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসতেই প্রতিবছরের মতো এবারও বাংলাদেশে শুরু হয়েছে কোরবানির পশুর বিচিত্র সব নামকরণ। তবে এবার সেই ট্রেন্ডে যোগ হয়েছে এক ভিন্ন মাত্রার রাজনৈতিক রসিকতা। কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা দুটি বিরল জাতের মহিষের নাম রাখা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ‘ডোনাল্ড ট্রাম্প’ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ‘বেনিয়ামিন নেতানিয়াহু’।
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি করা এই ব্যতিক্রমী খবরটি এখন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’-এর পাতাতেও জায়গা করে নিয়েছে।
চেহারায় ট্রাম্প, মেজাজে নেতানিয়াহু!
জানা গেছে, ঢাকার সন্নিকটে নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি এগ্রো খামারে (এসএস ক্যাটল ফার্ম) বড় হয়েছে এই ‘অ্যালবিনো’ বা ধলা জাতের মহিষ দুটি। সম্পূর্ণ গোলাপি চামড়ার এই মহিষ দুটির শারীরিক গঠন ও আচরণের ওপর ভিত্তি করেই খামারের রাখালেরা শখ করে এই নামকরণ করেন।
‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ: প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটির মাথার সম্মুখভাগের লোমগুলো সোনালি রঙের, যা দেখতে হুবহু মার্কিন প্রেসিডেন্টের সিগনেচার হেয়ারস্টাইলের (চুলের স্টাইল) কথা মনে করিয়ে দেয়। খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, প্রায় ১০ মাস আগে রাজশাহী সিটি হাট থেকে এটি কেনা হয়েছিল। তবে দর্শনার্থীরা বলছেন, চেহারায় ট্রাম্পের সঙ্গে মিল থাকলেও স্বভাবের দিক থেকে মহিষটি অত্যন্ত শান্ত ও ভদ্র। ইতিমধ্যে মহিষটি প্রতি কেজি ৫৫৫ টাকা (লাইভ ওয়েট) দরে বিক্রিও হয়ে গেছে।

ট্রাম্প
‘বেনিয়ামিন নেতানিয়াহু’ মহিষ: একই খামারের আরেকটি অ্যালবিনো মহিষের নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু’, যার ওজন ৭৫০ কেজিরও বেশি। তবে ‘ট্রাম্প’-এর মতো এটি শান্ত নয়, বরং অত্যন্ত ক্ষ্যাপাটে ও যুদ্ধংদেহী। খামারের কর্মীরা জানান, মহিষটি ভীষণ দুষ্টু এবং এর বুদ্ধিও বেশ কুটিল। কেউ খাবার দিতে গেলে বা সামনে গেলেই সে ফোঁস ফোঁস করে শিং উঁচিয়ে তাড়া করে। নিজে ইচ্ছা করে অন্য মহিষের সঙ্গে লড়াইয়ে জড়ায়, আবার লড়াই শেষে পরাজিত হয়। আর এই আচরণের কারণেই এর নাম দেওয়া হয়েছে নেতানিয়াহু।
খামারে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
ফেসবুক ও টিকটকে এই দুই বিশ্বনেতার নামের মহিষের ভিডিও ভাইরাল হতেই খামারটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন সেলফি তুলতে ও মহিষ দুটিকে একনজর দেখতে।
খামারে আসা মীম নামের এক দর্শনার্থী জানান,

নেতানিয়াহু
“ফেসবুকে যখন ছবি দেখেছিলাম, ভেবেছিলাম মানুষ অহেতুক বানিয়ে বলছে। কিন্তু সামনে এসে দেখছি আসলেই মাথার চুল আর চোখের গড়ন পুরো ট্রাম্পের মতো!”
খামারের স্বত্বাধিকারী মেহেনুমা মেহজাবিন জানান, বিরল জাতের এই অ্যালবিনো মহিষগুলো দেখতে প্রতিদিন প্রচুর মানুষ আসছেন। তবে এই রাজনৈতিক নামকরণগুলো খামারের রাখালেরাই নিজেদের কৌতূহল থেকে ভালোবেসে রেখেছে, যা এখন পুরো বাংলাদেশে উৎসবের আমেজ তৈরি করেছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সূত্রমতে, এবার ঈদুল আজহায় পশুর কোনো সংকট নেই এবং হাটে আসা ক্রেতা-দর্শনার্থীদের বিনোদনের খোরাক জোগাচ্ছে এই ধরনের বিচিত্র সব নামকরণ।
মনোলোক/অনলাইন ডেস্ক/বিএ
Leave a Reply