
মনোলোক |ফেনী, ১ অক্টোবর ২০২৬: ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার বিকেলে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম, মোয়াজ্জিন, খাদেম ও মন্দিরের পুরোহিতদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যারা ‘গুপ্ত রাজনীতি’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনব্যবস্থার রাজনীতি করে, তাদের জনগণের ভাগ্য পরিবর্তনের কোনো কর্মসূচি নেই। তারা কেবল ক্ষমতা দখলের রাজনীতিতে যুক্ত।
সরকারের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সবাইকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অরাজকতা সৃষ্টি হলে মানুষের জীবনযাত্রার উন্নয়নে নেওয়া বিভিন্ন কর্মসূচি ব্যাহত হতে পারে।
তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের নিয়মিত সহায়তা দেওয়া হবে। একইভাবে কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সার, কীটনাশক ও বীজসহ বিভিন্ন কৃষি উপকরণে সহায়তা দেওয়া হবে। এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ ধীরে ধীরে সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী জানান, এরই মধ্যে সারা দেশে এক লাখেরও বেশি কৃষক কৃষক কার্ড পেয়েছেন।
সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক দলের ‘এক দফা’ দাবির প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, যারা এ ধরনের কর্মসূচি দিচ্ছেন, তাদের কি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, ইমাম-মোয়াজ্জিনদের সম্মাননা কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণের মতো জনকল্যাণমূলক কোনো কর্মসূচি রয়েছে?
বিএনপির কর্মসূচির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাস্তবায়ন, ইমাম-মোয়াজ্জিনদের সম্মাননা, খাল খনন এবং বন্ধ থাকা কল-কারখানা পুনরায় চালুর মতো উদ্যোগের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করা হচ্ছে।
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত সরকারের মধ্যে যোগাযোগের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতাচ্যুত সরকারের নেতারা দেশ ছাড়ার পর ওই বাহিনীর লোকজন তাদের ফিরে আসা, থাকা ও কাজ করা নিয়ে আপত্তি না থাকার কথা বলেছিল। তার দাবি, অতীতের বিভিন্ন নির্বাচনেও দুই পক্ষ একসঙ্গে কাজ করেছে।
বিগত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীদের ওপর নিপীড়ন, কারাবাস ও ‘গায়েবি মামলা’র প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিগত সরকারের অন্যায়ের বিরুদ্ধে জনগণ রাজপথে নেমেছিল এবং গণআন্দোলনের মুখে ৫ আগস্ট তাদের ক্ষমতা ছাড়তে হয়।
সূত্র: বাসস
মনোলোক | www.monolok.net
Leave a Reply