c

বিনোদন | মনোলোক : প্রায় ১৫ বছর পর আবারও বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে বলিউডের দুই জনপ্রিয় তারকা শাহরুখ খান ও করীনা কাপূর খানকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এ বিশেষ ভূমিকায় থাকছেন করীনা।
জানা গেছে, সিনেমাটির জন্য বিশেষভাবে নির্মিত একটি গানের দৃশ্যে শাহরুখের সঙ্গে পর্দা ভাগ করবেন করীনা। চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় গানটির শুটিং হওয়ার কথা রয়েছে। এ জন্য প্রায় পাঁচ দিন সময় দিয়েছেন অভিনেত্রী।
গানটির নাম ‘ড্যাডি কুল’। নির্মাতারা এটিকে বড় পরিসরে উপস্থাপনের পরিকল্পনা করছেন। সূত্রের দাবি, গানটিতে শাহরুখ ও করীনাকে এমন এক নতুন অবতারে দেখা যাবে, যা আগে দর্শকদের চোখে পড়েনি। গানটির সুর করছেন সচিন-জিগর। এতে একজন ভারতীয় ও একজন আন্তর্জাতিক শিল্পীর কণ্ঠ ব্যবহারের পরিকল্পনা রয়েছে, যদিও তাঁদের নাম এখনও প্রকাশ করা হয়নি।
এর আগে ‘কভি খুশি কভি গম’, ‘অশোকা’, ‘ডন’ ও ‘রা-ওয়ান’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন শাহরুখ ও করীনা। তবে ‘কিং’-এ তাঁদের উপস্থিতি আগের কাজগুলোর তুলনায় সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করা হবে বলে জানা যাচ্ছে।
প্রায় তিন বছর পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। আগামী ২ নভেম্বর শাহরুখের জন্মদিন উপলক্ষে ‘কিং’-এর বিশেষ ঝলক প্রকাশের পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। ফলে সিনেমাটির প্রথম ঝলক ঘিরেও ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
‘কিং’-এ শাহরুখ ও সুহানা খান ছাড়াও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কপূর, জ্যাকি শ্রফ, রানি মুখোপাধ্যায়, জয়দীপ অহলাওয়াত, অরশদ ওয়ারসি ও রাঘব জুয়াল। বিশেষ গান ‘ড্যাডি কুল’-এ শাহরুখ-করীনার বহু প্রতীক্ষিত পুনর্মিলন সিনেমাটির অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে।