
মনোলোক ডেস্ক: উত্তরাঞ্চলের প্রবেশদ্বার ও গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। একই সাথে তিনি জানান, এই বিমানবন্দরের সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া আগামী পবিত্র ঈদুল আজহার পরই আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে।
গতকাল বুধবার (২০ মে) সকাল ৯টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আফরোজা খানম বলেন, দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যেসব বিমানবন্দরে যাত্রীসেবা এবং বাণিজ্যিক সম্ভাবনা বেশি, সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। সৈয়দপুর অঞ্চলটি শিল্প ও বাণিজ্যে সমৃদ্ধ হওয়ায় এর কৌশলগত গুরুত্ব অনেক বেশি। আর সে কারণেই একে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়নে সরকার গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও জানান, দেশের বিভিন্ন অঞ্চলে নতুন বিমানবন্দর চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তবে সব প্রকল্প একসঙ্গে করা সম্ভব নয়, ধাপে ধাপে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন— সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আক্তার शाहিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, যুবদল আহ্বায়ক তারিক আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী জুবায়ের এবং তারিকুল ইসলাম তারিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সৈয়দপুর বিমানবন্দরে এই মতবিনিময় শেষে মন্ত্রী সড়কপথে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বিমানবন্দরটি আন্তর্জাতিক রূপ পেলে নেপাল, ভুটান ও ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ও পর্যটন খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।
Leave a Reply