মনোলোক প্রতিবেদক | ঠাকুরগাঁও | ২৫ এপ্রিল ২০২৬ :
দেশে তেলের কোনো প্রকৃত সংকট নেই, বরং কিছু অসাধু ব্যবসায়ীর কৃত্রিম সংকট সৃষ্টির কারণেই ভোগান্তি বাড়ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তেল মজুত করে কালোবাজারে বিক্রির মাধ্যমে একটি চক্র পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এসব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দপত্র প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের কারণে কিছুটা চাপ তৈরি হলেও দেশের জ্বালানি সরবরাহে ঘাটতি নেই। “যে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, তা অনেকটাই পরিকল্পিত,”—যোগ করেন তিনি।
কৃষকদের দুরবস্থার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আলুর ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকরা এবার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। কৃষকদের সুরক্ষায় কৃষক কার্ড প্রদান, কৃষি জোন ও হিমাগার স্থাপনের মতো উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে এক বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকা করে এবং ৮০ পরিবারকে ৬ হাজার ২৫০ টাকা প্রদান করা হয়। এছাড়া জেলা পরিষদের পক্ষ থেকে ৭০ পরিবারকে টিন এবং ৬০ পরিবারকে ৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।
এছাড়াও ৮৮টি উন্নয়ন প্রকল্পের জন্য ৯০ লাখ টাকার বরাদ্দপত্র বিতরণ করা হয়। মোট প্রায় ২০ কোটি টাকার অনুদানের মধ্যে ১৯৫টি মসজিদ, ৮৯টি মন্দির, ৫টি কবরস্থান, ৪টি ঈদগাহ ও ১টি শ্মশানসহ ২৯৪টি প্রতিষ্ঠানে সহায়তা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খোদা দাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাযরুল আলমসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply