
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিয়ারা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান হোসেন আহমেদের সমর্থক এবং প্রবাসী ব্যবসায়ী আতিকুর রহমান শিশু মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর ধারাবাহিকতায় গত ২ ও ৩ জুন টিয়ারা বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে টানা দুই দিন সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে হোসেন আহমেদ পক্ষের সমর্থক ও তার চাচাতো ভাই ইকবাল মিয়ার অবস্থা গুরুতর হলে তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ জুন তিনি মারা যান।
তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহতের ভাই ফোরকান মিয়া বাদী হয়ে নবীনগর থানায় দায়ের করা মামলায় আতিকুর রহমান শিশু মিয়াসহ ৯ জনকে আসামি করা হয়েছে। এছাড়া আরও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
নবীনগর থানার তদন্ত কর্মকর্তা রাজীব কান্তি নাথ জানান, ইকবাল মিয়ার মৃত্যুর পর হত্যা মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ: মোঃ রেজাউল হক রহমত, ব্রাহ্মণবাড়িয়া
মনোলোক | www.monolok.net
Leave a Reply