
বিপ্লব পোদ্দার, ভাঙ্গা (ফরিদপুর) / মনোলোক : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাজী শামসুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যবহারিক পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের সঙ্গে উত্তেজনাকর ঘটনার জেরে উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা মো. আশরাফ শেখকে থানায় নিয়ে গেছে পুলিশ। এ ঘটনায় প্রধান শিক্ষকসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, আশরাফ শেখ তার হবু স্ত্রীকে সহায়তা করার উদ্দেশ্যে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন। এ সময় অন্যান্য পরীক্ষার্থীরা আপত্তি জানালে তার সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে কেন্দ্রের বাইরে বিক্ষোভে নামেন।
পরিস্থিতি আরও উত্তপ্ত হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ইটপাটকেল নিক্ষেপে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তসহ অন্তত তিনজন আহত হন। পরে আশরাফ শেখ কেন্দ্রসচিবের কক্ষে আশ্রয় নিলে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত জানান, শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডার জেরেই এ পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে তিনি আহত হয়েছেন এবং এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।
এ বিষয়ে আশরাফ শেখের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মনোলোক পর্যবেক্ষণ:
শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষাকেন্দ্রের মতো স্পর্শকাতর স্থানে যেকোনো ধরনের প্রভাব বিস্তার বা বিশৃঙ্খলা শিক্ষার পরিবেশকে প্রশ্নের মুখে ফেলে। ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Leave a Reply