
মনোলোক স্পোর্টস ডেস্ক | ডালাস
বিশ্বকাপের ‘এফ’ গ্রুপে জমে উঠল রোমাঞ্চকর লড়াই। দুইবার এগিয়ে গিয়েও জয় ধরে রাখতে পারেনি নেদারল্যান্ডস। শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপান ২-২ গোলের ড্র নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে।
প্রথমার্ধে উভয় দলই কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও গোলের দেখা মেলেনি। বিরতির পর ৫১তম মিনিটে রায়ান খ্রাফেনবের্খের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে ডাচদের এগিয়ে দেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক।
তবে ছয় মিনিট পরই জবাব দেয় জাপান। তাকেফুসা কুবোর দারুণ পাস থেকে শক্তিশালী শটে সমতা ফেরান নাকামুরা। কিন্তু জাপানের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬৪তম মিনিটে আবারও খ্রাফেনবের্খের সহায়তায় বিশ্বকাপে অভিষেক হওয়া সামারভিল গোল করে নেদারল্যান্ডসকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন।
ম্যাচের শেষ দিকে আক্রমণের গতি বাড়ায় জাপান। নির্ধারিত সময়ের দুই মিনিট আগে কর্নার থেকে সৃষ্ট সুযোগ কাজে লাগিয়ে দাইচি কামাদা গোল করলে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে এশিয়ার দলটি।
পুরো ম্যাচে দুই দলই সমান ১০টি করে শট নেয়। শেষ বাঁশি বাজার পর জাপান গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও জয় হাতছাড়া হওয়ার আক্ষেপ নিয়েই ড্র মেনে নিতে হয় নেদারল্যান্ডসকে।
Leave a Reply