ঢাকা, ১২ জুন ২০২৬ | মনোলোক : মূল্যস্ফীতির চাপ কমিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি আনা, বিনিয়োগ বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্যে প্রণীত এ বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। এতে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, কর ব্যবস্থার আধুনিকায়ন এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, আর মোট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। উন্নয়ন ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা, যার মধ্যে এডিপির জন্য বরাদ্দ ৩ লাখ কোটি টাকা।
নতুন ব্যবস্থায় করদাতারা সারা বছর আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। পাশাপাশি জীবনরক্ষাকারী চিকিৎসাসামগ্রী ও কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর ও শুল্ক ছাড়ের প্রস্তাব করা হয়েছে।
নতুন সরকারের প্রথম বাজেট হিসেবে এটিকে দেশের অর্থনৈতিক দিকনির্দেশনা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ রূপরেখা হিসেবে দেখা হচ্ছে। সূত্র : বাসস।
Leave a Reply