মনোলোক ডেস্ক: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাপাডাঙ্গা গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’ (BRAC)-এর সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় “স্বপ্নসারথি কিশোরীদের ১ম পর্বের সমাপনী অনুষ্ঠান” অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে স্থানীয় নাপাডাঙ্গা গ্রামে এই সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কিশোরীদের মাঝে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ‘অ্যাচিভমেন্ট সার্টিফিকেট’ (Achievement Certificate) প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক আজিজুর রহমান এবং হাজী মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোছাঃ জেসমিন বেগম। অনুষ্ঠানটিতে গণমাধ্যমকর্মী হিসেবে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন দৈনিক বাংলার প্রতিচ্ছবি’র জেলা স্টাফ রিপোর্টার ও কেটিভি (KTV) নিউজের উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদ হাসান।
অনুষ্ঠানে বক্তারা ব্র্যাকের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “কিশোরীদের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। এটি গ্রামীণ কিশোরীদের আত্মবিশ্বাসী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা পালন করবে।”
উক্ত সমাপনী অনুষ্ঠানে স্থানীয় কিশোরী, অভিভাবক এবং গ্রামের আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা সফলভাবে প্রথম পর্ব সম্পন্নকারী স্বপ্নসারথি কিশোরীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন।
Leave a Reply