
মনোলোক ডেস্ক | মেক্সিকো সিটি : বিশ্ব ফুটবলের মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে রঙিন সাজে প্রস্তুত মেক্সিকো সিটি। বৃহস্পতিবার মেক্সিকো সিটির ঐতিহাসিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, যা চলবে প্রায় ১৬ মিনিট ৩০ সেকেন্ড।
মেক্সিকোর আদিবাসী সংস্কৃতি, ঐতিহ্যবাহী পরিবেশনা ও সমসাময়িক লোকনৃত্যের মেলবন্ধনে সাজানো এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ থাকছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা ও আফ্রোবিট সেনসেশন বার্না বয়। মঞ্চে শাকিরার উপস্থিতি ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও পারফর্ম করবেন ফিফার অফিসিয়াল অ্যালবামের শিল্পী জে বলভিন, বেলিন্ডা, ড্যানি ওশেন এবং দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় শিল্পী টাইলাও।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে উদ্বোধনী ম্যাচ। ২০১০ সালের বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে আবারও মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।
এই বৈশ্বিক আয়োজন উপলক্ষে মেক্সিকো সিটিতে বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ জুলাইয়ের ফাইনালের সমাপনী অনুষ্ঠানেও আরও একবার মঞ্চ মাতাবেন শাকিরা; সেখানে থাকবেন পপ আইকন ম্যাডোনা ও বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস।
বিশ্বকাপের প্রথম বাঁশি বাজার আগেই মেক্সিকো সিটি পরিণত হয়েছে উৎসবের নগরীতে।
Leave a Reply