
ঢাকা, ১৪ জুন ২০৬: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। আজ রোববার (১৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতেই ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানান, গত ১২ জুন দুর্নীতি মামলায় সাবেক এই পুলিশ প্রধানকে দুবাই পুলিশ গ্রেপ্তার করে। বর্তমানে তিনি সেখানে আটক রয়েছেন। ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) দুবাইয়ের বরাত দিয়ে তিনি আরও জানান, গ্রেপ্তারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন করতে হবে। বেনজীর আহমেদকে অতি দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে ।
বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
রেড নোটিশ জারি: ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দেন। সেই নোটিশের সূত্র ধরেই আন্তর্জাতিক পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
দুদকের মামলা: এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক এই আইজিপি, তার স্ত্রী ও কন্যাদের বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নির্ধারিত ৩০ দিনের মধ্যেই তাকে বাংলাদেশে সোপর্দ করার জন্য দুবাই কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক আবেদন জমা দেওয়া হবে।
Leave a Reply