
সামজাদ জসি | মনোলোক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মুরছালিন (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৮ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খামারহাটি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুরছালিন উপজেলার ধজনগর বাতেনবাড়ি গ্রামের খেবজু মিয়ার ছেলে। তিনি স্থানীয় শাহ আলম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার গভীর রাতে সীমান্ত এলাকায় কয়েকজন ব্যক্তি অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ করেই বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মুরছালিন নিহত হন। গুলিবিদ্ধ হয়ে আহত হন আরও অন্তত ২০ জন।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা।
মুরছালিনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে আহাজারি। সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও উত্তেজনা।
নিহতের এক স্বজন কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার ছেলেটা কেবল কলেজে যাওয়া শুরু করেছিল। কেন তাকে এভাবে গুলি করে হত্যা করা হলো? আমরা এই হত্যার বিচার চাই।”
ঘটনার বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সংশ্লিষ্ট ক্যাম্পের সদস্যরা জানান, সীমান্তে গুলির ঘটনার খবর তারা পেয়েছেন। তবে ঘটনার বিস্তারিত তথ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি। আনুষ্ঠানিক কোনো অভিযোগও এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানান তারা।
এদিকে সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় টহল জোরদার করেছে বিজিবি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সবশেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহত মুরছালিনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।
Leave a Reply