
মনোলোক | শেরপুর | পরিবেশ ধ্বংসকারী অবৈধ বালু উত্তোলন এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে শেরপুর জেলা প্রশাসন। পৃথক মোবাইল কোর্ট অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড, ড্রেজার মেশিন অকেজো, বালুভর্তি ট্রাক জব্দ এবং মাদক মামলায় দুই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান চলাকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে উত্তোলন করা বালুভর্তি একটি মাহেন্দ্র ট্রাক জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, একই দিনে পরিচালিত মাদকবিরোধী মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় দুই মাদকসেবীকে প্রত্যেককে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা, নদী সংরক্ষণ এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে পরিবেশ সংরক্ষণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।
সংবাদ : আল আমিন।
Leave a Reply