
মনোলোক ডেস্ক: স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কভু তবু’-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন উদীয়মান অভিনেত্রী নূর-ই জান্নাত নুসাইবা। চট্টগ্রামের মেয়ে নুসাইবা মাত্র কলেজের গণ্ডি পেরিয়েই অভিনয়কে নিজের স্বপ্ন ও সাধনার জায়গা হিসেবে বেছে নিয়েছেন। নিয়মিত অনুশীলন, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং পরিশ্রমের মাধ্যমে তিনি ইতোমধ্যেই সাংস্কৃতিক অঙ্গনে নিজের একটি আলাদা পরিচিতি তৈরি করতে সক্ষম হয়েছেন।

অনবদ্য অভিনয়ে মুগ্ধ করলেন নূর-ই জান্নাত নুসাইবা
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-সহ বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজনে অংশ নিয়ে তিনি দর্শকদের নজর কেড়েছেন। অভিনয়ের পাশাপাশি একজন দক্ষ সংবাদ পাঠক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন নুসাইবা। ভবিষ্যতে সাংবাদিকতা পেশায় যুক্ত হয়ে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
চট্টগ্রামের নান্দনিক ও মনোরম লোকেশনে নির্মিত ‘কভু তবু’ চলচ্চিত্রে কাজ করতে পেরে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়ে নুসাইবা বলেন, এই কাজটি তার অভিনয়জীবনের একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। নির্মাণের প্রতিটি মুহূর্ত তাকে নতুন কিছু শিখিয়েছে এবং ভবিষ্যতের জন্য আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।
চলচ্চিত্রটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন মাইনুল মিসির এবং সার্বিক নির্দেশনায় আছেন নাসরিন হীরা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নূর-ই জান্নাত নুসাইবার আন্তরিক অভিনয় দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নেবে এবং তার অভিনয়জীবনের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
Leave a Reply