
মনোলোক |নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইলে পরকীয়া, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাৎ এবং স্বামীকে মারধরের অভিযোগে চারজনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ৪ জুলাই উপজেলার কানারামপুর-দত্তপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী মো. নজরুল ইসলাম (৪৫) উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর নদীপাড় এলাকার বাসিন্দা। অভিযুক্তরা হলেন তাঁর স্ত্রী সুরাইয়া আক্তার (৪০), শাশুড়ি ফিরোজা খাতুন (৬৫), শ্যালক আল আমিন (২৬) এবং একই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (৪৫)।
লিখিত অভিযোগে বলা হয়, প্রায় ২০ বছর আগে নজরুল ইসলামের সঙ্গে সুরাইয়া আক্তারের বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। গত প্রায় দুই বছর ধরে সুরাইয়া আক্তারের সঙ্গে আনোয়ার হোসেনের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে পারিবারিক বিরোধের একপর্যায়ে সুরাইয়া আক্তার নগদ ৫ লাখ টাকা ও প্রায় ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ি ছেড়ে চলে যান বলে অভিযোগে দাবি করা হয়।
অভিযোগে আরও বলা হয়, পরে সুরাইয়া আক্তার ও আনোয়ার হোসেন বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে একসঙ্গে বসবাস শুরু করেন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত দেওয়া হয়নি।
সর্বশেষ গত ৪ জুলাই বিকেলে নজরুল ইসলাম কানারামপুর-দত্তপুর এলাকায় অভিযুক্তদের ভাড়া বাসায় গিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত চাইলে তাঁকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তিনি নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply