
ঢাকা, ৯ জুলাই ২০২৬: দেশের শিক্ষা ব্যবস্থার গুণগত মান বাড়াতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বৃদ্ধি এবং ১ কোটি ২০ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ব্যাগ ও ড্রেস দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল বুধবার (৮ জুলাই ২০২৬) জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে শুধু অবকাঠামোগত উন্নয়ন (বিল্ডিং) হয়েছে, কিন্তু মানবসম্পদের (হিউম্যান রিসোর্স) কোনো উন্নতি হয়নি। শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ ও সম্মানি বৃদ্ধি ছাড়া ভালো কিছু প্রত্যাশা করা যায় না।
প্রধানমন্ত্রী শিক্ষকদের বাস্তব চিত্র তুলে ধরে বলেন:
“আমরা অনেক সময় দেখেছি প্রাইমারি স্কুলের শিক্ষকরা তাড়াতাড়ি করে ক্লাস করে হয়ত আরেকটি সেকেন্ডারি কোনো জবে অথবা কৃষি কাজে—যেটাই হোক একটি সেকেন্ড জবে তাকে যেতে হয়। তা না হলে তার জন্য সংসার চালানো কষ্টকর হয়ে যায়।”
শিক্ষকদের যেন জীবনধারণের জন্য দ্বিতীয় কোনো পেশার ওপর নির্ভর করতে না হয় এবং তাঁরা যেন সম্পূর্ণ মেধা ও সময় শিক্ষার্থীদের পেছনে ব্যয় করতে পারেন, সেজন্যই পর্যায়ক্রমিকভাবে সম্মানি বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি চলতি বাজেটে শিক্ষাখাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ প্রদানের কথাও তিনি উল্লেখ করেন।
সংসদ সদস্য শাম্মী আখতারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়া প্রায় ১ কোটি ২০ লক্ষ শিক্ষার্থীর সবাইকে পর্যায়ক্রমে নতুন স্কুল ড্রেস এবং স্কুল ব্যাগ দেওয়া হবে। সব সংসদ সদস্যের এলাকাতেই এই সুবিধা পৌঁছে দেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
শিক্ষাখাতের পাশাপাশি দেশের অর্থনীতি নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সাম্প্রতিক চীন সফরে দেশটির সাথে কাঁঠাল রপ্তানির বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মালয়েশিয়ার উদাহরণ টেনে তিনি বলেন, মালয়েশিয়া যদি ডুরিয়ান ফল এক্সপোর্ট করে প্রতি বছর চীনে ১ বিলিয়ন ডলার আয় করতে পারে, তবে বাংলাদেশও কাঁঠাল রপ্তানি করে বিশাল বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে।
বি.দ্র. গতকালকের অধিবেশনে প্রধানমন্ত্রী ৪ জন সংসদ সদস্যের তারকা চিহ্নিত প্রশ্ন এবং ৯ জন সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাব দেন। অধিবেশন শুরুর পর সংসদ ভবনে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে কুশল বিনিময় করতেও দেখা যায়।
Leave a Reply