
মনোলোক |ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে চকলেটের লোভ দেখিয়ে আমিনা খাতুন নামের এক শিশুকে অপহরণের পর গলা কেটে হত্যার চেষ্টার রোমহর্ষক ঘটনা ঘটেছে। অলৌকিকভাবে ঘাতকের হাত থেকে বেঁচে ফিরেছে ওই শিশু।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ঘাতক চক্র শিশু আমিনাকে চকলেটের প্রলোভন দেখিয়ে অপহরণ করে গকুল ব্রিজের পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে গলা কেটে হত্যার উদ্দেশ্যে ঘাতক ছুরি চালানোর মুহূর্তে আচমকা পা পিছলে পড়ে যায়। এই সুবর্ণ সুযোগে শিশু আমিনা সেখান থেকে দৌড়ে পালিয়ে নিজের জীবন রক্ষা করে।
পরে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে নিরাপদ হেফাজতে নেয়।
এই পৈশাচিক ও বর্বরোচিত ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসী ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান চলছে।
সংবাদ : আব্দুল আজিজ
Leave a Reply