
মনোলোক | ব্রাহ্মণবাড়িয়া : ২ জুন ২০২৬ : ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বন্ধ এবং তা নিয়ে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে জেলায় নতুন করে বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
সিনেমা প্রদর্শনী বন্ধের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে রুমিন ফারহানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার সমালোচনা করেন এবং ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার আহ্বান জানান। তার বক্তব্যের পরপরই কওমি ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া তীব্র প্রতিক্রিয়া জানিয়ে অভিযোগ করে, তিনি আজান ও কুরআন তেলাওয়াতের প্রসঙ্গকে বাউল গান ও বাদ্যযন্ত্রের সঙ্গে তুলনা করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।
এক জরুরি বৈঠক শেষে সংগঠনটি ওই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সতর্ক করে বলেছে, এ নিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় সংশ্লিষ্টদের বহন করতে হবে। তবে একই সঙ্গে তারা সকলকে শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে।
ঘটনাটি ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক ও ধর্মীয় অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং পরিস্থিতির ওপর প্রশাসন নজর রাখছে।
Leave a Reply