
মনোলোক : নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়ারী ইউনিয়নের চর ভবানীপুর ভাটাপাড়া গ্রামে মোবাইল অ্যাপসের সূত্রে এক কথিত চীনা নাগরিকের আগমন ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।
মোবাইল অ্যাপে গড়ে ওঠা বন্ধুত্বের টানে সাদিয়া নামে এক স্কুলছাত্রীর আমন্ত্রণে ওই চীনা নাগরিক তার বাড়িতে পৌঁছান। নিজেকে ‘সুবেজ’ পরিচয়ে উপস্থাপন করা এই বিদেশিকে আতিথেয়তায় ভরিয়ে দেন সাদিয়ার পরিবার ও প্রতিবেশীরা। তবে এলাকায় কৌতূহল ছড়িয়ে পড়লে স্থানীয় সংবাদকর্মীরা সেখানে উপস্থিত হন।
সংবাদকর্মীদের দেখে ওই কথিত চীনা নাগরিক ক্ষুব্ধ হন এবং পাসপোর্ট দেখাতে অস্বীকৃতি জানান। এতে সন্দেহ দেখা দিলে গোপনে ধারন করা তার ভিডিও ও খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওটি ভাইরাল হতেই ঘটে এক নাটকীয় মোড়! খবর পেয়ে ঢাকা থেকে ওই বাড়িতে উপস্থিত হন সামিলা নামে এক তরুণী। তিনি দাবি করেন, এই ‘সুবেজ’ কিছুদিন আগে তাকেও বিয়ে করে চম্পট দিয়েছিল। টাকা নেই বলে আত্মগোপনে থাকা সুবেজকে অনলাইনে দেখে তিনি বড়াইগ্রামে ছুটে আসেন।
বিষয়টি জানাজানি হলে রবিবার ভোরেই কথিত ওই চীনা নাগরিক এলাকা ছেড়ে চম্পট দেয়।
স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, “সাংবাদিকদের সচেতনতার কারণে স্কুলছাত্রী সাদিয়া ও তার পরিবার একটি বড় প্রতারণার হাত থেকে রক্ষা পেয়েছে।”
Leave a Reply