
মনোলোক | ২৭ জুলাই ২০২৬ |পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মাদরাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৬টার দিকে শ্রীরামপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ও মাদরাসার শিশু শিক্ষার্থী মোস্তাকিমকে একা পেয়ে অভিযুক্ত শিক্ষক মো. ইব্রাহীম একটি কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক বলাৎকার করেন। পরে বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে ভয়ভীতি দেখানো হয় এবং ঘটনা চেপে রাখতে নগদ ৫ টাকা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর নির্যাতিত শিশুটি বাড়িতে ফিরে স্বজনদের বিস্তারিত জানালে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত শিক্ষককে আটক করে দুমকি থানা পুলিশের হাতে সোপর্দ করেন।
তবে অভিযুক্ত শিক্ষক ইব্রাহীম নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি একটি ষড়যন্ত্রের শিকার এবং তাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply