
মনোলোক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সুন্দরগঞ্জে যৌথবাহিনীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ ঘটিকায় সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস ইফফাত জাহান তুলি।
সভায় ইউএনও মিস ইফফাত জাহান তুলি বলেন, নির্বাচনের আগে ও চলাকালীন সময়ে যে কোনো ধরনের অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করা হবে। ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য যৌথবাহিনী, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে কোনো প্রকার গুজব, সহিংসতা কিংবা আইনবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। প্রয়োজনে মোবাইল কোর্টসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় উপস্থিত যৌথবাহিনীর কর্মকর্তারা নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার, চেকপোস্ট স্থাপন, তল্লাশি কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির বিষয়ে মতামত তুলে ধরেন।
Leave a Reply