
মনোলোক ডেস্ক:
রাজধানীর আলোচিত শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘পিচ্চি রাজা’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, স্ত্রী ও শ্যালককে সঙ্গে নিয়ে নেপাল থেকে ঢাকায় ফেরার পরপরই আগে থেকে ওত পেতে থাকা পুলিশের একটি বিশেষ দল তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকায় নজরদারি বসানো হয়েছিল। বিমান থেকে নামার পরপরই পিচ্চি রাজা ও তার সহযোগীদের আটক করা হয়।
পুলিশের দাবি, রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে প্রায় ২৫ থেকে ২৭টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি মাদক সিন্ডিকেট, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকা এই সন্ত্রাসী এর আগেও ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর গ্রেপ্তার হয়েছিল। সে সময় তার আস্তানা থেকে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছিল বলে জানিয়েছিল পুলিশ।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, জামিনে মুক্ত হওয়ার পর পুনরায় অপরাধ জগতে সক্রিয় হয়ে ওঠা পিচ্চি রাজাকে গ্রেপ্তারের ফলে রাজধানীর মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসতে পারে।
Leave a Reply