
মনোলোক | আশুলিয়া (সাভার) : সাভারে চলন্ত বাসে এক নারী যাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বাস চালক, সহকারী ও তাদের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ঘটনার খবর পেয়ে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে বাসটি থামিয়ে ওই নারীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন:

মো. ইমরান (৩৫): বাস চালক
মো. মুসফেকুর রহমান জনি (২০): চালকের সহকারী
মো. সুমন প্রামাণিক (৩০): চালকের পরিচিত ব্যক্তি
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত দেড়টার দিকে গাবতলী থেকে নবীনগর যাওয়ার উদ্দেশে ‘সাভার পরিবহন’-এর একটি বাসে ওঠেন ওই নারী ও তার এক পরিচিত ব্যক্তি। নবীনগর পৌঁছানোর আগে চালক ইমরান সহকারী মুসফেকুরের হাতে স্টিয়ারিং তুলে দেন। এরপর ইমরান ওই নারীর সঙ্গে থাকা পুরুষ সঙ্গীকে মারধর ও হত্যার হুমকি দিয়ে বাস থেকে নামিয়ে দেন।
পরবর্তী সময়ে বাসে থাকা মুসফেকুর ও সুমনের সহযোগিতায় চলন্ত বাসে ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। বাস থেকে নেমে যাওয়া ব্যক্তি দ্রুত ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ তাৎক্ষণিক সড়কে আরেকটি বাস দিয়ে ব্যারিকেড তৈরি করে সাভার পরিবহনের বাসটি থামায় এবং ভুক্তভোগীকে উদ্ধার করে।
ঘটনাটি নিশ্চিত করে আশুলিয়া থানা-পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply