
মনোলোক : টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার লাউফুলা ও কাইতকাই এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন। অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে এই জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, কাইতকাই এলাকার সালাম অটো রাইস মিলকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন লঙ্ঘনের দায়ে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এছাড়াও, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে লাউফুলা এলাকার আরিফ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা এবং মানিক বেকারিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদায়কৃত জরিমানার মোট অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
অভিযানে মধুপুর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
সংবাদদাতা: হাফিজুর রহমান, মধুপুর, টাঙ্গাইল।
Leave a Reply