
মনোলোক : আশির দশকের শেষভাগে শ্রোতাপ্রিয় হওয়া ‘ডিফ্রেন্ট টাচ’ ব্যান্ডের কালজয়ী গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ প্রায় চার দশক পর নতুন করে ফিরে এসেছে আলোচনার কেন্দ্রে। তবে এবার কেবল বর্ষাবন্দনা বা রোমান্টিসিজমের অংশ হিসেবে নয়, এই গান এখন হয়ে উঠেছে অনলাইন বুলিংয়ের বিরুদ্ধে শিক্ষক সমাজের এক সুদৃঢ় প্রতিবাদের হাতিয়ার।
ঘটনার সূত্রপাত সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পালের একটি রিল ভিডিওকে কেন্দ্র করে। নীল শাড়ি পরে শাড়ির আঁচল উড়িয়ে ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সাথে করা তাঁর একটি ভিডিওকে ঘিরে সোশাল মিডিয়ায় কুরুচিপূর্ণ মন্তব্য ও ট্রল শুরু হয়। এই সাইবার বুলিংয়ের প্রতিবাদে ও বিউটি রাণীর প্রতি সংহতি জানাতে একজোট হন দেশের শিক্ষিকারা। তাঁরা নিজেরাও একই গান ব্যবহার করে ভিডিও তৈরি করে সোশাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন, যা মুহূর্তে ছড়িয়ে পড়ে দেশজুড়ে।
প্রায় চার দশক আগের গানটি যে হুট করে অন্যায্য সমালোচনার বিরুদ্ধে এক অভূতপূর্ব সামাজিক আন্দোলনে রূপ নেবে—তা ভাবতে পারেননি গানটির মূল গায়ক মেজবাহ রহমান। সংবাদমাধ্যমকে তিনি বলেন,
“আমাদের গানটি মূলত প্রকৃতিকে নিয়ে তৈরি। তবে এটি অন্যায্য সমালোচনার বিরুদ্ধে যেভাবে ছড়িয়ে পড়েছে, তাতে গানটি এখন প্রতিবাদের ভাষা হিসেবে দাঁড়িয়ে গেছে।”
তিনি সোশাল মিডিয়া ব্যবহারে নেতিবাচক মন্তব্য করার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। শিক্ষক সমাজের এই অনন্য সংহতি প্রমাণ করেছে, শিল্পের সৃষ্টি কখনো কেবল একটি সময়ের বাঁধনে আটকে থাকে না; প্রয়োজনে তা হয়ে উঠতে পারে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের সবচেয়ে সুন্দর ও শক্তিশালী কণ্ঠস্বর।
Leave a Reply