
চট্টগ্রামের চন্দনাইশে রান্নার জন্য লাকড়ি আনতে গিয়ে সাপের কামড়ে রহিমা বেগম (১৮) নামের এক নববধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দোহাজারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ‘ময়নার বাপের পাহাড়’ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রহিমা বেগম বাঁশখালী উপজেলার বাসিন্দা। মাত্র ৪০ দিন আগে দোহাজারীর ময়নার বাপের পাহাড় এলাকার মো. অহিদুল্লাহর সঙ্গে তার বিয়ে হয়েছিল।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রান্নার চুলায় আগুন ধরানোর উদ্দেশ্যে ঘরের পাশের লাকড়ি ঘর থেকে কাঠ আনতে যান রহিমা। লাকড়ির স্তূপে হাত দেওয়ার সাথে সাথেই একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। বিষক্রিয়া শুরু হলে এবং শরীরে তীব্র যন্ত্রণা দেখা দিলে তিনি দ্রুত বিষয়টি পরিবারের সদস্যদের জানান।
স্বজনেরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. টিপু মজুমদার জানান, রাত সাড়ে ৭টার দিকে স্বজনেরা রহিমা বেগমকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
নবসৃষ্টির আনন্দের মধ্যেই মাত্র ৪০ দিনের মাথায় তরুণী বধূর এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply